রিপোটার:-মো:শাখাওয়াত হোসাইন।
আগামী শনিবার অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যার আকাশে ঘটতে চলেছে এক অসাধারণ মহাজাগতিক ঘটনা। আমাদের সৌরজগতের ছয়টি গ্রহ— শুক্র, বুধ, শনি, বৃহস্পতি, নেপচুন এবং ইউরেনাস একই সাথে আকাশে সারিবদ্ধভাবে অবস্থান করবে। ভালো খবর হলো, আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেও এই নজরকাড়া দৃশ্য উপভোগ করা যাবে।
সূর্যাস্তের ঠিক আধা ঘণ্টা পর পশ্চিম আকাশে মাত্র ৪৫ মিনিটের জন্য এই গ্রহগুলো দৃশ্যমান হবে। খালি চোখেই স্পষ্ট দেখা যাবে শুক্র, বুধ, শনি এবং উজ্জ্বল বৃহস্পতি গ্রহ। তবে শনির ঠিক পাশেই থাকা নেপচুনকে দেখতে চাইলে একটি টেলিস্কোপ লাগবে। অন্যদিকে, কালপুরুষ নক্ষত্রমণ্ডলীর সংকেত ধরে আরেকটু ওপরে প্লাইয়াডিস নক্ষত্রপুঞ্জের নিচে তাকালে বাইনোকুলারের সাহায্যে ইউরেনাসের দেখাও মিলবে।
যেহেতু গ্রহগুলো দিগন্তের খুব কাছাকাছি এবং মাত্র ৪৫ মিনিটের মতো থাকবে, তাই একটু দেরি হলেই এই সুযোগ হাতছাড়া হয়ে যাবে।