মো:শাখাওয়াত হোসাইন
২৫-০২-২০২৫ইং কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের ওড্ডা গ্রামের মেস্ত্রী বাড়িতে ইফতারের সাথে বিষাক্ত দ্রব্য মিশিয়ে একই পরিবারের শিশুসহ ৫ জনকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে অজ্ঞাত নামার বিরুদ্ধে । বুধবার ইফতারের সময় উপজেলার ঝলম ইউনিয়নের ওড্ডা গ্রামের মিস্ত্রি বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, আজ ইফতারের সময় ঝলম ইউনিয়নে ওড্ডা গ্রামের মিস্ত্রি বাড়ির একটি পরিবার ইফতার করতে বসে, ইফতার খাবার পর খাবারের বিষক্রিয়ায় একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যদের ধারণা, কে বা কাহারা শত্রুতার জেরে পরিকল্পিতভাবে খাবারের সাথে বিষাক্ত কোনো দ্রব্য মিশিয়ে দিয়েছে। অসুস্থদের মধ্যে শিশু ও নারী রয়েছেন। তাদের চিৎকার চেঁচামেচি প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং উদ্ধার কাজে অংশ নেন।
অসুস্থ পাঁচ জন কে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়, পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) পাঠানো হয়েছে। বর্তমানে তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।এই চাঞ্চল্যকর ঘটনার পর ওড্ডা গ্রামসহ পুরো ঝলম ইউনিয়ন এবং বরুড়া ও চান্দিনা উপজেলায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত এই জঘন্য ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেফতারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দাবী জানিয়েছেন।